
পাবনা জেলা শহর ও আশপাশ এলাকায় শব্দদূষণ রোধে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে একটি বিশেষ ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালিত হয়েছে। আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) পাবনা সদর উপজেলার মেরিল বাইপাস এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে যানবাহনে অনুমোদিত শব্দের মানমাত্রা অতিক্রমকারী নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহার করার অপরাধে ৪টি যানবাহনের ড্রাইভার ও সুপারভাইজারকে আটক করা হয়। পরে ৪টি মামলায় তাদের মোট ১১,০০০ (এগার হাজার) টাকা জরিমানা ধার্য ও তাৎক্ষণিক আদায় করা হয়। এছাড়া জব্দ করা হয় উচ্চ শব্দ সৃষ্টিকারী ০৭টি ক্ষতিকর হাইড্রোলিক হর্ন।
ভ্রাম্যমাণ আদালতে বিচারিক দায়িত্ব পালন করেন পাবনা জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব প্রনয় কুমার বীর। অন্যদিকে প্রসিকিউশন প্রদান করেন পাবনা জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক জনাব মো: আব্দুল মমিন। আইন-শৃঙ্খলা রক্ষা ও আদালত পরিচালনায় সহযোগিতা করেন পাবনা জেলা পুলিশের একটি চৌকস দল।
পরিবেশ অধিদপ্তর, পাবনা জেলা কার্যালয় সূত্রে জানানো হয়েছে, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর শব্দদূষণ নিয়ন্ত্রণে এ ধরণের অভিযান ও মোবাইল কোর্ট আগামীতেও অব্যাহত থাকবে।
