
পাবনা জেলায় অবৈধ অস্ত্র উদ্ধার ও আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অভিযানে বড় সাফল্য পেয়েছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। পাবনা জেলার নবাগত পুলিশ সুপার জনাব মোঃ ছূফি উল্লাহর নির্দেশে এবং অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো: রেজিনূর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, গত ২৬ এপ্রিল অস্ত্রসহ গ্রেফতার হওয়া আসামি মোঃ জাহাঙ্গীর হোসেনকে (৩৬) ৫ দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হলে সে চাঞ্চল্যকর তথ্য প্রদান করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে আজ (০৮ মে) রাত ১টা ২০ মিনিটে পাবনা সদরের চর তারাপুর ইউনিয়নের সুখচর গ্রামে তার বাড়িতে অভিযান চালানো হয়। সেখানে গোয়ালঘরে রাখা গোবরের ঘষির বস্তার ভেতর থেকে একটি বার্মিজ ওয়ান শুটার গান উদ্ধার করা হয়।
এর আগে জাহাঙ্গীরের কাছ থেকে একটি বিদেশি রিভলভার, একটি ওয়ান শুটার গান, ৩৬ রাউন্ড গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছিল। প্রাথমিক তদন্তে জানা গেছে, সে দীর্ঘদিন ধরে অত্যন্ত কৌশলে অস্ত্র চোরাচালান ও সরবরাহের কাজ চালিয়ে আসছিল।
জেলা গোয়েন্দা শাখা জানিয়েছে, আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে আরও অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। জেলার অপরাধ দমনে পাবনা জেলা পুলিশ সর্বদা তৎপর বলে নিশ্চিত করা হয়েছে।
