
রাজধানীর অভিজাত এলাকা বনানীতে পৃথক তিনটি স্থানে ঝটিকা অভিযান চালিয়ে দুটি অবৈধ শিশা বার ও একটি ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণ শিশা, শিশা সেবনের সরঞ্জামাদি, বিদেশি মদ ও বিয়ার জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় অবৈধ মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ ২০ মে (২০২৬) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ের পরিচালক (অপারেশনস্) ও অ্যাডিশনাল ডিআইজি জনাব মোঃ বশির আহমেদের সার্বিক তত্ত্বাবধানে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে ডিএনসির ঢাকা বিভাগীয় কার্যালয়, গোয়েন্দা শাখা এবং ঢাকা মেট্রো (উত্তর ও দক্ষিণ) কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সার্কেল পরিদর্শকসহ একটি বিশাল রেইডিং পার্টি অংশ নেয়। অভিযানে নেতৃত্ব দেন প্রধান কার্যালয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মিল্টন বিশ্বাস।
প্রথম অভিযান: রিভেল হোক্কা লাউঞ্জ
ডিএনসি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বনানী ১১ নম্বর রোডের ৪৩ নম্বর বাড়ির (টাওয়ার বি ইলেভেন) ১৪ তলায় ‘রিভেল হোক্কা লাউঞ্জ এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট’ (পূর্বনাম ব্লা ব্লা) নামক একটি অবৈধ শিশা বারে অভিযান চালানো হয়। সেখান থেকে ১০০ গ্রাম অবৈধ শিশা, ২৪টি হুক্কা, ২০টি কলকী এবং সিসি ক্যামেরার ডিভিআর জব্দ করা হয়।
এই ঘটনায় জড়িত থাকায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন— মোঃ সাদ আন সাকিব (২৯), মোঃ জাহিদ হাসান, মোঃ জুনায়েদ আহাম্মেদ, মোঃ ফাহিম আহাম্মেদ এবং মোঃ বখতিয়ার উদ্দিন।
দ্বিতীয় অভিযান: একই ভবনের ৮ম তলা
একই ভবনের (টাওয়ার বি ইলেভেন) ৮ম তলায় আরেকটি অভিযানে টিটু মজুমদার (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ১ লিটারের ‘জনি ওয়াকার ডাবল ব্ল্যাক’ বিদেশি মদ, ১.৫ লিটার ‘ক্যালভেট’ মদ এবং প্রায় আড়াই লিটার বিদেশি ‘কার্লসবার্গ’ ও ‘আশাহি’ ব্র্যান্ডের বিয়ার জব্দ করা হয়।
তৃতীয় অভিযান: দ্যা ক্যাফে এক্সিল
বনানীর ২৮ নম্বর রোডের ৩ নম্বর বাড়িতে ‘দ্যা ক্যাফে এক্সিল’ নামীয় আরেকটি অবৈধ শিশা বারে অভিযান চালায় ডিএনসি। সিদ্দিকুর রহমানের ভাড়াকৃত ওই শিশা বার থেকে ২.৫ কেজি শিশা, বিপুল পরিমাণ কয়লা ও খালি কৌটা, ৫টি হুক্কা এবং সিসিটিভি-র হার্ডডিস্ক ও ডিভিআর জব্দ করা হয়। এখান থেকে মো: মনির হোসেন (৩০) ও সাইফুল ইসলাম (৩১) নামের দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
খিলগাঁওয়ে ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার
এদিকে ডিএনসি আরও জানায়, গত ১৭ মে খিলগাঁও থানাধীন দক্ষিণ বনশ্রী এলাকার প্রতিক হাউজিং (ব্লক-জে) থেকে ১২ হাজার পিস ইয়াবাসহ মোঃ জহিরুল ইসলাম পাপন (৪৫) ও জান্নাতুল ফেরদৌস এনি (৩২) নামের দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, বনানীর এই অবৈধ শিশা বার ও মাদক ব্যবসার সাথে জড়িতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী বনানী থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের পক্ষ থেকে ভবিষ্যতে এই ধরণের কঠোর ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
