
পাবনার সাঁথিয়া উপজেলা উপজেলার কাশিনাথপুর ইউনিয়নের চর কাবারিকোলা গ্রামে বিষধর সাপের কামড়ে রুহান মোল্লা (২৬) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) রাতে এ ঘটনা ঘটে।
নিহত রুহান মোল্লা চর কাবারিকোলা গ্রামের হেলাল মোল্লার ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে বাড়ির পাশের একটি ডোবায় টেঁটা দিয়ে মাছ শিকার করতে গেলে তাকে একটি বিষধর সাপ কামড় দেয়। পরে স্বজনরা দ্রুত তাকে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যান।
পরিবারের অভিযোগ, হাসপাতালে সাপের কামড়ের প্রতিষেধক (অ্যান্টিভেনম) মজুত থাকা সত্ত্বেও দায়িত্বরত চিকিৎসক তা প্রয়োগ না করে রুহানকে পাবনা সদর হাসপাতাল এ স্থানান্তর করেন। সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহতের বাবা হেলাল মোল্লা অভিযোগ করে বলেন, “সাপের কামড়ের কথা জানানো হলেও চিকিৎসক আমার ছেলের শরীরে অ্যান্টিভেনম প্রয়োগ করেননি। সময়মতো চিকিৎসা পেলে হয়তো আমার ছেলে বেঁচে যেত।”
এ ঘটনায় পরিবারের সদস্যদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
তবে অভিযোগ অস্বীকার করে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল বাতেন বলেন, “দায়িত্বরত চিকিৎসক রোগীর শরীরে সাপের কামড়ের সুস্পষ্ট কোনো নমুনা পাননি। হাসপাতালে অ্যান্টিভেনম মজুত রয়েছে।”
এ বিষয়ে সাঁথিয়া থানা র ওসি রফিকুল ইসলাম জানান, ঘটনার পর নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি।
