
পাবনা শহরে প্রকাশ্যে কৃষক হোসেন আলী (ঠাকুর) হত্যা মামলার আরও এক এজাহারভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১২। হত্যাকাণ্ডের মাত্র ৭২ ঘণ্টার মধ্যে আসামিকে আটক করায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা নতুন করে আলোচনায় এসেছে।
শনিবার (১৩ জুন) র্যাব-১২, সিপিসি-২ পাবনার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, র্যাব-১২ সিরাজগঞ্জের অধিনায়কের নির্দেশনায় শুক্রবার (১২ জুন) রাত সাড়ে ১১টার দিকে কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার ওয়াহিদুজ্জামান (এস) বিএন-এর নেতৃত্বে র্যাবের একটি বিশেষ দল সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার রূপবাটি এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে পাবনা সদর থানায় দায়ের করা হত্যা মামলার এজাহারভুক্ত ৬ নম্বর আসামি সাইদুল ইসলাম (৩৫)কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সাইদুল ইসলাম পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের জাফরাবাদ (পুরাতনপাড়া) গ্রামের আব্দুস সামাদের ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, গত ৮ জুন সন্ধ্যায় পাবনা সদর উপজেলার লস্করপুর এলাকার মাছুমবাজারস্থ জামেয়া আশরাফিয়া মাদ্রাসার প্রধান ফটকের সামনে কৃষক হোসেন আলীকে তার ছেলের সামনেই গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী আফসানা খাতুন বাদী হয়ে পাবনা সদর থানায় ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
র্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানানো হয়
