
মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ১৬তম ব্যাচের একদল শিক্ষার্থী। দীর্ঘদিন ধরে মসজিদের সামনে অসুস্থ অবস্থায় বসবাস করা এক অসহায় ব্যক্তির চলাচলের কষ্ট লাঘবে তারা একটি স্ট্রেচার প্রদান করেছেন।
স্ট্রেচারটি পাওয়ার পর ওই ব্যক্তি নিজে দাঁড়িয়ে চলাচলের চেষ্টা করতে সক্ষম হন। শিক্ষার্থীদের এই মানবিক উদ্যোগ উপস্থিত মানুষের প্রশংসা কুড়ায় এবং সমাজের বিত্তবানদেরও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানায়।
এ সময় উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের মোঃ আমির হামজা, লোকপ্রশাসন বিভাগের এনামুল হক ইমন, জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগের ইফতেখার আহমেদ ইমন, রসায়ন বিভাগের বাসার, সিএসই বিভাগের বাদশাসহ পাবিপ্রবির ১৬তম ব্যাচের আরও অনেক শিক্ষার্থী।
এ বিষয়ে ব্যবসায় প্রশাসন বিভাগের ছাত্র মোঃ আমির হামজা বলেন, “দীর্ঘদিন ধরে অসহায় মানুষটি সহযোগিতার জন্য অনেকের কাছে আবেদন জানিয়ে আসছিলেন। বিষয়টি আমার বন্ধু জিওগ্রাফি বিভাগের ইমন জানতে পেরে আমাদের অন্য বন্ধুদের অবহিত করে। এরপর আমরা সবাই মিলে নিজেদের সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দিই। একজন অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পেরে আমরা আনন্দিত।”
লোকপ্রশাসন বিভাগের ছাত্র এনামুল হক ইমন বলেন, “মানুষটির মুখে হাসি ফুটাতে পেরে সত্যিই খুব ভালো লাগছে। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারাটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।”
শিক্ষার্থীরা জানান, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক দায়িত্বের অংশ। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
