
পাবনার সুজানগর উপজেলার পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে তীব্র সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে মঞ্জু শেখ (৪০) নামের এক বিএনপি কর্মী নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
শুক্রবার (২৬ জুন) দুপুর আনুমানিক ১টার দিকে সুজানগরের চরতারাপুর ও পাবনা সদরের ভাঁড়ারা ইউনিয়নের সীমান্তবর্তী জোতকাকুরিয়া কলাবাগান এলাকার পদ্মার চরে এই ঘটনা ঘটে।
নিহত মঞ্জু শেখ সুজানগর উপজেলার আড়িয়া গোহাইলবাড়ি এলাকার দারোগ শেখের ছেলে। স্থানীয় ও দলীয় সূত্রে নিশ্চিত হওয়া গেছে যে, নিহত মঞ্জু শেখ সুজানগর উপজেলা বিএনপির সদস্য সচিব শেখ আব্দুর রউফ এবং চরতারাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শেখ রহমত আলীর আপন ভাতিজা। তিনি সক্রিয়ভাবে বিএনপির রাজনীতির সাথে যুক্ত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকার পদ্মার চরে অবৈধভাবে বালু উত্তোলন ও এর নিয়ন্ত্রণ নিয়ে দুটি পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। এরই ধারাবাহিকতায় শুক্রবার দুপুরে উভয় পক্ষ আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় গোলাগুলির ঘটনা ঘটলে মঞ্জু শেখ গুরুতর গুলিবিদ্ধ হন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
