
পাবনার ঈশ্বরদী রেলওয়ে বাইপাস স্টেশনের আগে চলন্ত ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি টাকা মূল্যের ১০০ গ্রাম হেরোইনসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পাকশী রেলওয়ে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাতে রাজশাহী থেকে ঢাকাগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ট্রেনটি রাজশাহী স্টেশন ছাড়ার পর গোয়েন্দা সদস্যরা যাত্রীবেশে তল্লাশি শুরু করেন। পরে ঈশ্বরদী বাইপাস রেলওয়ে স্টেশনের আগে ট্রেনের ‘জ’ বগির ৭৬ ও ৭৭ নম্বর আসনে বসা দুই যাত্রীকে সন্দেহ হলে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়।
গ্রেপ্তাররা হলেন— চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কল্যাণপুর এলাকার মোছা. সাজেমা বেগম (৪২) ও তার স্বামী মো. কাজল আহম্মেদ (৪৩)।
তল্লাশিকালে সাজেমা বেগমের ভ্যানিটি ব্যাগ থেকে ৫০ গ্রাম এবং কাজল আহম্মেদের প্যান্টের পকেট থেকে আরও ৫০ গ্রাম বাদামি রঙের কথিত হেরোইন উদ্ধার করা হয়। ডিজিটাল ওজন মেশিনে পরিমাপ করে মোট ১০০ গ্রাম হেরোইন পাওয়া যায়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় ঈশ্বরদী রেলওয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার দুই আসামিকে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
