
পাবনার সাঁথিয়া উপজেলায় অভিযান চালিয়ে ভারতীয় আমদানিনিষিদ্ধ ‘ইসকাফ’ (ESkuf) সিরাপসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর ইউনিয়নের এদরাকপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতার হওয়া ব্যক্তি হলেন এদরাকপুর গ্রামের মো. নাজির মিয়া (৩৯)। তিনি আব্দুস ছামাদের ছেলে।
পুলিশ জানায়, অভিযানের সময় নাজির মিয়ার কাছে থাকা একটি শপিং ব্যাগ তল্লাশি করে ভারতীয় আমদানিনিষিদ্ধ ৬ বোতল ‘ইসকাফ’ (Codeine Phosphate & Triprolidine Hydrochloride Syrup) উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সিরাপের মোট পরিমাণ ৬০০ মিলিলিটার এবং আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ হাজার টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি বিভিন্ন স্থান থেকে এসব মাদক সংগ্রহ করে পাবনা জেলার বিভিন্ন এলাকায় বিক্রির উদ্দেশ্যে সরবরাহ করতেন বলে স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় সাঁথিয়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
পাবনা জেলা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে জেলার বিভিন্ন স্থানে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে এবং মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
