
সংস্কৃতিচর্চার ধারাবাহিকতা বজায় রাখতে এবং অস্বচ্ছল শিল্পী-সংস্কৃতিকর্মীদের পাশে দাঁড়াতে পাবনায় সরকারি আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। একই সঙ্গে জেলার বিভিন্ন সাংস্কৃতিক প্রতিষ্ঠানও এ সহায়তার আওতায় এসেছে।
বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে অনুদানের চেক তুলে দেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম। তাঁর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) উম্মে তাবাসসুম, অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, ২০২৫–২৬ অর্থবছরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অনুদান কর্মসূচির আওতায় পাবনা জেলার ৬৭ জন অস্বচ্ছল সংস্কৃতিকর্মীকে মোট ১১ লাখ ২২ হাজার ২৫০ টাকা এবং ১৯টি সাংস্কৃতিক প্রতিষ্ঠানকে মোট ৯ লাখ ৮৬ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
বক্তারা বলেন, শিল্প-সংস্কৃতির বিকাশে নিবেদিতপ্রাণ ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর পাশে সরকার সবসময় রয়েছে। এই অনুদান সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে এবং নতুন প্রজন্মকে সংস্কৃতিচর্চায় উৎসাহিত করবে বলেও তারা আশা প্রকাশ করেন।
