
পাবনা সদর উপজেলার হেমায়েতপুরে শ্রী শ্রী অনুকূল চন্দ্র ঠাকুরের মন্দিরের দানবাক্স ভেঙে চুরির ঘটনার মাত্র কয়েক ঘণ্টার মধ্যে মূল চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে শনাক্তের পর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে চোরাই টাকার একটি অংশ উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত যুবকের নাম মোঃ মৃদুল (২৫)। সে হেমায়েতপুরের বুদেরহাট এলাকার মোঃ আবদুল মান্নানের ছেলে।
পুলিশ ও মন্দির কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার (২৬ জুন) ভোর আনুমানিক ৪টার দিকে এক অজ্ঞাতনামা ব্যক্তি অত্যন্ত কৌশলে মন্দিরের ভেতরে প্রবেশ করে। এরপর সে ভক্তদের দানকৃত দানবাক্স ভেঙে ভেতরে থাকা সব টাকা চুরি করে চম্পট দেয়।
বিষয়টি জানার পরপরই চোর শনাক্ত ও গ্রেপ্তারে মাঠে নামেন পাবনা থানার পুলিশ সদস্যরা। হেমায়েতপুর পুলিশ ফাঁড়ির এসআই মোঃ রাজিব হাসানের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম মন্দিরের সিসিটিভি ফুটেজ পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করে চোর মৃদুলকে শনাক্ত করে।
পরবর্তীতে গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পাবনা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায় পুলিশ। রাত আনুমানিক ১টার দিকে সেখান থেকে মৃদুলকে গ্রেপ্তার করা হয় এবং তার হেফাজত থেকে চুরি যাওয়া টাকার একাংশ উদ্ধার করা হয়।
পাবনা থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিকে বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একই সাথে চুরি হওয়া অবশিষ্ট টাকা উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় পাবনা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।
