
পাবনা সদর থানা এলাকায় এক সফল অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্রসহ এক যুবককে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২। এ সময় উদ্ধার করা হয়েছে ১টি বিদেশী রিভালভার, ১টি বিদেশী পিস্তল, ১ রাউন্ড কার্তুজ এবং ১টি চাইনিজ কুড়াল।
শনিবার (২৭ জুন) র্যাব-১২, সিপিসি-২ পাবনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেঃ কমান্ডার ওয়াহিদুজ্জামান, (এস) বিএন-এর পাঠানো এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, গতকাল শুক্রবার (২৬ জুন) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২, সিরাজগঞ্জের অধিনায়কের নির্দেশনায় পাবনা সদর থানাধীন দ্বীপচর এলাকায় অভিযান চালানো হয়। বিকেল আনুমানিক ৫:৪০ মিনিটে দ্বীপচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনে পাকা রাস্তার ওপর র্যাবের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করে। এ সময় আভিযানিক দল ধাওয়া করে রাব্বী (২৫) নামে এক যুবককে আটক করতে সক্ষম হলেও অপর একজন কৌশলে দৌড়ে পালিয়ে যায়। আটক রাব্বী পাবনা সদরের দ্বীপচর মোল্লা পাড়ার মোঃ সিদ্দিক মোল্লার ছেলে। পরে তার তল্লাশি চালিয়ে ১টি বিদেশী রিভালভার ও ১ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেফতারকৃত রাব্বীর দেওয়া তথ্যের ভিত্তিতে পলাতক আসামিকে গ্রেফতারের লক্ষ্যে কুষ্টিয়া জেলার কুমারখালী থানাধীন চর ঘোষপুর চালাকপাড়া এলাকায় অভিযান চালানো হয়। সেখানে পলাতক আসামি মৃত আব্দুর রহিম প্রামানিকের ছেলে মোঃ জব্বার প্রামানিক (৪৫)-এর অবস্থান থেকে ১টি বিদেশী পিস্তল ও ১টি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।
র্যাব জানায়, পলাতক আসামির বিরুদ্ধে ইতোমধ্যে মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত রাব্বীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমনে র্যাবের এই ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
