
মাদক নির্মূলে ধারাবাহিক অভিযান অব্যাহত রেখেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), পাবনা জেলা কার্যালয়। ২০২৬ সালের মে ও জুন—এই দুই মাসে জেলার বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে ২৩০ জন মাদক সংশ্লিষ্ট আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধারসহ নিয়মিত মামলা ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
ডিএনসির মাসভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, মে মাসে ১৮৬টি অভিযান পরিচালনা করে ১১৭ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় ১১৫টি মামলা দায়ের করা হয়, যার মধ্যে ১১টি নিয়মিত এবং ১০৪টি মোবাইল কোর্টের মাধ্যমে নিষ্পত্তি করা হয়। উদ্ধার করা হয় ৩৬ গ্রাম হেরোইন, ২ হাজার ৫৪০ পিস ইয়াবা, ১১ কেজি ৪৭০ গ্রাম গাঁজা, ৮৫ পিস ট্যাপেন্টাডল, ২০০ লিটার ওয়াশ, ২ লিটার তাড়ি, ৫৩০০ টাকা, ৩টি মোবাইল ফোন ও একটি সিএনজি।
অন্যদিকে জুন মাসে ১৯৫টি অভিযান পরিচালনা করে ১১৩ জনকে গ্রেপ্তার করা হয়। এ মাসে ১১২টি মামলা দায়ের করা হয়, যার মধ্যে ১২টি নিয়মিত ও ১০০টি মোবাইল কোর্ট মামলা। অভিযানে উদ্ধার করা হয় ৩৪ গ্রাম হেরোইন, ৫১৬ পিস ইয়াবা, ১১ কেজি ৯৬০ গ্রাম গাঁজা, ৩৬৩ পিস ট্যাপেন্টাডল, ৩০০ লিটার তাড়ি এবং নগদ ১ লাখ ৩২ হাজার ৯৬০ টাকা।
দুই মাসের সম্মিলিত হিসাবে ডিএনসি ৩৮১টি অভিযান, ২২৭টি মামলা এবং ২৩০ জন আসামি গ্রেপ্তার করেছে। মাদকবিরোধী অভিযান আরও জোরদার করার পাশাপাশি মাদকের বিস্তার রোধে জনসচেতনতামূলক কার্যক্রমও অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা কার্যালয়।
পাবনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক -মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর
জানিয়েছেন জেলার বিভিন্ন উপজেলায় নিয়মিত গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান পরিচালনার ফলে মাদক ব্যবসায়ী ও কারবারিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে। ভবিষ্যতেও মাদক নির্মূলে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
অধিদপ্তরের কর্মকর্তারা বলেন, মাদকের বিস্তার রোধে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি, পরিবার ও সমাজের সহযোগিতা এবং সর্বস্তরের মানুষের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
