
পাবনায় একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে কথিত সাংবাদিক পাবনা জেলা প্রতিনিধি আরিফ খান জয় বিরুদ্ধে ভয়ভীতি দেখিয়ে ১২ হাজার টাকা চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। অভিযুক্তদের মধ্যে ‘মুভি বাংলা’ টিভির পাবনা জেলা প্রতিনিধি আরিফ খান জয়ের নেতৃত্বেই এই চাঁদাবাজি করা হয়েছে বলে লিখিত অভিযোগে দাবি করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, কয়েকদিন আগে ওই ঠিকাদারকে বিভিন্নভাবে চাপ ও ভয়ভীতি দেখিয়ে ১২ হাজার টাকা দিতে বাধ্য করা হয়। এই ঘটনার প্রতিকার চেয়ে এবং নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবিতে ভুক্তভোগী ঠিকাদার প্রধানমন্ত্রী, সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং অভিযুক্তের কর্মস্থল (সংবাদমাধ্যম) বরাবর লিখিত অভিযোগ ও স্মারকলিপি প্রদান করেছেন।
অভিযোগকারী ঠিকাদার বলেন, “আমার প্রতিষ্ঠানের কাজের মান নিয়ে যদি কোনো অনিয়ম থাকে—যেমন নিম্নমানের খোয়া, বিটুমিন, বালু ব্যবহার বা অন্য কোনো গাফিলতি—তবে আমি যেকোনো আইনি জবাবদিহি করতে প্রস্তুত। কিন্তু কোনো সংবাদ প্রকাশ না করে, কেবল ভয় দেখিয়ে অর্থ দাবি ও গ্রহণ করা একটি গুরুতর অপরাধ। আমি এর সুষ্ঠু তদন্ত চাই।”
তিনি আরও দাবি করেন, অর্থ লেনদেনের একটি ভিডিওচিত্র ইতিমধ্যেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে ওই ভিডিওটি যাচাই করলে প্রকৃত সত্য বেরিয়ে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
কথিত সাংবাদিক আরিফ খান জয়সহ এই ঘটনার সাথে জড়িত সকলের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদঘাটনের জন্য প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেছে ঠিকাদারি প্রতিষ্ঠানটি।
