
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্ম নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এবং নজরুল বর্ষ ২০২৬-২০২৭ উদযাপন উপলক্ষে পাবনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে নজরুল সঙ্গীত, আবৃত্তি ও নৃত্য প্রতিযোগিতা। জেলা প্রশাসন, পাবনা এবং জেলা শিল্পকলা একাডেমি, পাবনার যৌথ আয়োজনে ৩ জুলাই (শুক্রবার) বিকেল ৩টা ৩০ মিনিট থেকে জেলা শিল্পকলা একাডেমি, পাবনায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
আয়োজকদের সূত্রে জানা যায়, প্রতিযোগিতায় তিনটি বিভাগ থাকবে— আবৃত্তি (কাজী নজরুল ইসলামের রচিত কবিতা), নজরুল সঙ্গীত এবং নজরুল সঙ্গীতের সঙ্গে নৃত্য। প্রতিটি বিষয়ে ১ম–৪র্থ, ৫ম–৮ম এবং ৯ম–১২শ শ্রেণি—এই তিনটি শ্রেণিভিত্তিক বিভাগে প্রতিযোগীরা অংশ নিতে পারবে।
প্রতিযোগিতায় অংশগ্রহণে আগ্রহীদের অনুষ্ঠান শুরুর ৩০ মিনিট আগে নিবন্ধন সম্পন্ন করতে হবে। নিবন্ধনের সময় প্রতিযোগীর নাম, শ্রেণি, শিক্ষাপ্রতিষ্ঠানের নাম এবং অভিভাবকের মোবাইল নম্বর জমা দিতে হবে।
আয়োজকরা জানান, নজরুলের সাহিত্য, সঙ্গীত ও সাংস্কৃতিক চর্চাকে শিক্ষার্থীদের মধ্যে আরও জনপ্রিয় করে তুলতেই এই আয়োজন। জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
