
পাবনা প্রতিনিধি:
মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে জোরালো অভিযান অব্যাহত রেখেছে পাবনা জেলা পুলিশ। জেলার বিভিন্ন থানা এলাকায় একযোগে পরিচালিত বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী, মাদকসেবী ও বিভিন্ন মামলার আসামিসহ মোট ৫১ জনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (২ জুলাই) পাবনা জেলা পুলিশের পুলিশ সুপার মো. ছুফি উল্লাহর সার্বিক দিকনির্দেশনায় দিনব্যাপী এ বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে বিভিন্ন থানার পুলিশ সদস্যরা অংশ নেন এবং অপরাধপ্রবণ এলাকায় নজরদারি জোরদার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সামারি ট্রায়াল, মোবাইল কোর্ট ও নিয়মিত মামলার মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া অপরাধ দমনে গোয়েন্দা তৎপরতা আরও বাড়ানো হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদক নির্মূল, সন্ত্রাস দমন, কিশোর গ্যাংয়ের তৎপরতা প্রতিরোধ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান নিয়মিত পরিচালিত হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে পাবনা জেলা পুলিশ।
