
সারা দেশের মতো পাবনার ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও নিরাপত্তা জোরদারে ১০ জন আনসার সদস্য যোগদান করেছেন। সরকারের নির্দেশনা অনুযায়ী ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বুধবার বিকেলে তারা কর্মস্থলে যোগ দেন।
যোগদানকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রাশিদুল হাসান শাওন নবনিযুক্ত আনসার সদস্যদের যোগদানপত্র গ্রহণ করেন এবং তাদের দায়িত্ব বুঝিয়ে দেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, আনসার সদস্যরা হাসপাতালের জরুরি বিভাগ, বিভিন্ন ওয়ার্ড এবং হাসপাতাল প্রাঙ্গণের সার্বিক নিরাপত্তা ও তদারকির দায়িত্ব পালন করবেন। রোগী, স্বজন, চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি হাসপাতালের শৃঙ্খলা বজায় রাখতেও তারা কাজ করবেন।
সংশ্লিষ্টরা আশা করছেন, আনসার সদস্যদের যোগদানের ফলে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা আরও সুসংহত হবে এবং সেবাগ্রহীতারা নিরাপদ পরিবেশে চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন।
