
সড়ক পরিবহন শ্রমিকদের পেশাগত নানা সংকট ও সমসাময়িক সমস্যা নিয়ে সারা দেশ থেকে আগত শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে এক সৌজন্য মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শ্রমিকদের অধিকার ও নিরাপত্তার বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসনের বিশেষ সহকারী, সড়ক পরিবহন মালিক-শ্রমিকের প্রধান সমন্বয়ক এবং পাবনা-৫ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।
শনিবার (১লা আগস্ট) আয়োজিত এই মতবিনিময় সভায় সারা দেশ থেকে আগত পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ তাদের কর্মক্ষেত্রের বিভিন্ন জটিলতা, সড়ক নিরাপত্তা এবং সুযোগ-সুবিধার দাবিগুলো তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে এ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস শ্রমিকদের দাবির প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করে বলেন, “সড়ক পরিবহন খাত দেশের অর্থনীতির অন্যতম প্রাণশক্তি। পরিবহন শ্রমিকদের ন্যায়সংগত অধিকার আদায় ও তাদের সামাজিক স্বস্তি নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতবদ্ধ।” তিনি শ্রমিক ও মালিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে পরিবহন খাতের উন্নয়ন বাস্তবায়নে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
সভায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-শ্রম বিষয়ক সম্পাদক, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি জননেতা মোঃ হুমায়ুন কবির খান। তিনি শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকার গুরুত্ব তুলে ধরে সার্বিক সংকট নিরসনে আলোচনা অব্যাহত রাখার ব্যাপারে অভিমত প্রকাশ করেন।
মতবিনিময় সভায় জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের বিভিন্ন সড়ক পরিবহন শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা পরিবহন খাতের চলমান সংকট দূরীকরণে সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাসের বলিষ্ঠ ভূমিকা ও আন্তরিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা জানান।
