
শ্রমিকের ন্যায্য অধিকার, সামাজিক সুরক্ষা ও মর্যাদাপূর্ণ কর্মসংস্থান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য ও প্রখ্যাত শ্রমিক নেতা অ্যাডভোকেট শিমুল বিশ্বাস।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের দ্বিতীয় তলার কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (BILS) আয়োজিত আন্তর্জাতিক শ্রম বিষয়ক সিম্পোজিয়ামে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
‘Decent Work and Social Justice for All’ প্রতিপাদ্যে আয়োজিত এ সিম্পোজিয়ামে ডেনমার্ক, নেদারল্যান্ডস, জাপান, পানামা, ফিলিপাইন, তিউনিসিয়া, পাকিস্তান ও ভারতসহ বিভিন্ন দেশের প্রতিনিধি এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO)-এর প্রতিনিধিরা অংশ নেন।
সিম্পোজিয়ামে শিমুল বিশ্বাস এমপি বলেন, শ্রমিকের অধিকার ও মর্যাদা রক্ষা শুধু একটি দেশের অভ্যন্তরীণ বিষয় নয়, এটি সামাজিক ন্যায়বিচার ও মানবিক মর্যাদার সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। পরিবর্তিত শ্রমবাজার ও ভবিষ্যতের কর্মজগতের চ্যালেঞ্জ মোকাবিলায় শ্রমিকদের জন্য কার্যকর সামাজিক সুরক্ষা এবং নিরাপদ ও মর্যাদাপূর্ণ কর্মপরিবেশ নিশ্চিত করা জরুরি।
তিনি শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, সামাজিক নিরাপত্তা জোরদার এবং মর্যাদাপূর্ণ কর্মসংস্থান নিশ্চিত করতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেন।
শিমুল বিশ্বাসের বক্তব্যে উঠে আসে আগামীর কর্মজগতকে আরও মানবিক, নিরাপদ ও অধিকারভিত্তিক করার প্রত্যয়। শ্রমিকের অধিকার ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কার্যকর ভূমিকা রাখার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।
বক্তব্যে তিনি বলেন, আগামীর কর্মজগৎ হবে শ্রমিকের অধিকার, মর্যাদা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার কর্মজগৎ। শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তাঁর অবস্থান আরও দৃঢ় থাকবে বলেও প্রত্যয় ব্যক্ত করেন।
বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (BILS) আয়োজিত এ আন্তর্জাতিক সিম্পোজিয়ামে বিভিন্ন দেশের শ্রম ও অধিকার বিশেষজ্ঞদের অংশগ্রহণে ভবিষ্যতের শ্রম পরিস্থিতি, সামাজিক ন্যায়বিচার এবং মর্যাদাপূর্ণ কর্মসংস্থান নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।
