
এসএসসি-২০২৬ পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী পুলিশ পরিবারের সন্তানদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে উচ্চশিক্ষায় আরও এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মোঃ আশিক সাঈদ।
শনিবার (৫ সেপ্টেম্বর ২০২৬) জেলা পুলিশ, নওগাঁর আয়োজনে পুলিশ লাইন্স, নওগাঁয় এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআইজি মোঃ আশিক সাঈদ।
প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি বলেন, শিক্ষার্থীদের এই সাফল্যের পেছনে তাদের কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং অভিভাবকদের আন্তরিক সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এই সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতে উচ্চশিক্ষায় নিজেদের আরও এগিয়ে নিতে হবে।
তিনি বলেন, পুলিশ সদস্যদের সন্তানদের শিক্ষাজীবনে উৎসাহ ও প্রেরণা জোগাতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভালো ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ ধারণ করে যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআইজি মোঃ আশিক সাঈদের সহধর্মিণী ও পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), রাজশাহী রেঞ্জের উপদেষ্টা মিসেস শামীম আরা হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্যে মিসেস শামীম আরা হক কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতে আরও বড় অর্জনের মাধ্যমে পরিবার ও দেশের জন্য গৌরব বয়ে আনার আহ্বান জানান।
পরে ডিআইজি মোঃ আশিক সাঈদ ও বিশেষ অতিথি এসএসসি-২০২৬ পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী পুলিশ পরিবারের সন্তানদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেন।
অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থী ও তাদের অভিভাবকসহ নওগাঁ জেলা পুলিশের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
