
পাবনার সাঁথিয়া উপজেলার নাগডেমড়ায় জুঁই ডেইরি ফার্মে অভিযান চালিয়ে প্রায় ২ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে প্রতিষ্ঠানটি সাময়িকভাবে সিলগালা করা হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) সকাল আনুমানিক ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনির নেতৃত্বে পরিচালিত অভিযানে দুধের পরিমাণ ও ঘনত্ব কৃত্রিমভাবে বাড়ানোর উদ্দেশ্যে জেলিজাতীয় পদার্থ এবং দীর্ঘসময় দুধ সংরক্ষণের জন্য হাইড্রোজেন পার-অক্সাইড ব্যবহারের প্রমাণ পাওয়া যায় বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
অভিযানকালে ভেজাল উপাদান হিসেবে সংরক্ষিত দুই ব্যারেল জেলিজাতীয় পদার্থ এবং প্রায় ২ হাজার ৫০০ লিটার ভেজাল দুধ জব্দ করা হয়। পরে জব্দ করা দুধ ঘটনাস্থলেই বিনষ্ট করা হয়।
এ ঘটনায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪২, ৪৩ ও ৪৫ ধারায় প্রতিষ্ঠানের মালিক মানিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানটি সাময়িকভাবে সিলগালা করে দেওয়া হয়েছে।
অভিযান পরিচালনাকালে জেলা স্যানিটারি ইন্সপেক্টর মাহমুদ আলম এবং আনসার ব্যাটালিয়নের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করেন।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, ভেজাল ও অনিরাপদ খাদ্য উৎপাদন ও বাজারজাতকরণের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
