
পাবনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ১১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ মানিক শেখ (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) রাত ৮টার দিকে পাবনার সুজানগর থানাধীন তাঁতিবোল (তাতিবন্দ) এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ২৭ অক্টোবর জেলা গোয়েন্দা শাখার সাধারণ ডায়েরি (জিডি নং-২৮৯) সূত্রে মাদক উদ্ধার অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের মাধ্যমে ডিবি পুলিশ জানতে পারে যে, তাঁতিবন্দ এলাকার মোঃ ফরিদ হোসেনের বাড়ির সামনের ফাঁকা জায়গায় এক ব্যক্তি ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছে। সংবাদের ভিত্তিতে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে ডিবি পুলিশের একটি চৌকস দল সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে মানিক শেখকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করে প্যান্টের পকেট থেকে দুটি পলিথিন জিপারে রাখা ১১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মোঃ মানিক শেখ সুজানগর থানার ভায়না ইউনিয়নের মথুরাপুর গ্রামের মোঃ আবু তাহের শেখ ও মোছাঃ মনোয়ারা খাতুনের ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মানিক শেখ স্বীকার করেছে যে, সে পাবনার বিভিন্ন স্থান থেকে ইয়াবা সংগ্রহ করে সুজানগর ও আমিনপুর থানাসহ জেলার বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করে আসছিল।
এ ঘটনায় আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় সুজানগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পাবনা জেলা গোয়েন্দা শাখা জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
