
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের নবগঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির শীর্ষ নেতারা।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও নবগঠিত কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি এবং কমিটির আহ্বায়ক, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক ডাকসু ভিপি আমানুল্লাহ আমান এমপি।
সংগঠনের সূত্র অনুযায়ী, এই সৌজন্য সাক্ষাতে শ্রমিক দলের নবগঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সাংগঠনিক কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। বিশেষ করে শ্রমিকদের অধিকার রক্ষা এবং শ্রম ও কর্মসংস্থান খাতের সার্বিক উন্নয়নে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সদস্য সচিব হিসেবে শামছুর রহমান শিমুল বিশ্বাসের ভূমিকা ও সাংগঠনিক তৎপরতার বিষয়টি গুরুত্বের সঙ্গে উঠে আসে।
এ সময় নবগঠিত কমিটির নেতারা প্রধানমন্ত্রী ও দলীয় চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শ্রমজীবী মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
