
- নওগাঁর সাপাহারে ৩৮০০ পিস ট্যাপেন্টাডল উদ্ধার
ফজলুল করিম সবুজ
নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর সাপাহারে পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ৩ হাজার ৮০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
রোববার (৪ জানুয়ারি) বেলা ১২ টার দিকে উপজেলার পাতাড়ী ইউনিয়নের শুটকিডাঙা এলাকায় এই অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে,নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় এবং সহকারী পুলিশ সুপার (সাপাহার সার্কেল) এর তত্ত্বাবধানে সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে একটি দল এই অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে শুটকিডাঙা এলাকায় জনৈক জাকারিয়া হোসেনের আমবাগানে অবস্থান নেয় পুলিশ।
অভিযান চলাকালীন পুলিশের উপস্থিতি টের পেয়ে উদ্ধারকৃত মাদক ফেলে দুই অজ্ঞাতনামা ব্যক্তি দৌড়ে পালিয়ে যান। পরে বাগান তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় ৩৮০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করে পুলিশ।
সাপাহার থানা পুলিশ জানায়,এ ঘটনায় পলাতক দুই আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “জেলায় মাদক নির্মূলে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। সাপাহারে বিপুল পরিমাণ মাদক উদ্ধারের ঘটনায় জড়িত অজ্ঞাতনামা আসামিদের গ্রেপ্তারে পুলিশের জোরালো তৎপরতা চলছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে।”
