
হুমায়ূন রাশেদ পাবনা প্রতিনিধি :-
পাবনায় চাঞ্চল্যকর শিশু হাফসা ধর্ষণও হত্যা মামলার বিচারের দাবিতে আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অব্যাহত রাখায় আসামীপক্ষরা ক্ষিপ্ত হয়ে বিভিন্ন ভাবে তাদের গতিপথ রোধ করার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের । পাবনা সদর উপজেলার শালগারিয়া সরদার পাড়ার দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। যেকোনো মুহূর্তে রক্তক্ষয়ী সংঘর্ষের সম্ভাবনা রয়েছে । পাবনা সদর থানা পুলিশের ভূমিকা নিয়েও নানা প্রশ্ন দেখা দিয়েছে ।

উল্লেখ্য গত ১৫ নভেম্বর ২০২৫ রওসান ফেরদৌস হাফসাকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করে বাড়ির পাশের জঙ্গলে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা । নিহত হাফসা স্থানীয় লিটিল স্টার ইন্টারন্যাশনাল স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী এবং মালঞ্চি ইউনিয়নের পারগোবিন্দপুর গ্রামের হাফিজুর রহমানের মেয়ে। এ ব্যাপারে নিহত হাফসার মা ঋতু খাতুন পাবনা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে । এদিকে এই মামলায় পাবনা সদর থানা পুলিশ সন্দেহভাজন তিনজন আসামিকে গ্রেফতার করার পর থেকেই একটি রাজনৈতিক প্রভাবশালী মহল সক্রিয় হয়ে ওঠে মামলাটি ভিন্নখাতে প্রবাহিত করতে ।

শিশু হাফসা খাতুনকে ধর্ষণ ও হত্যার মতো একটি স্পর্শকাতর ও মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। বিক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন ও মানববন্ধন করেন। তাদের দাবি প্রকৃত অপরাধীদের সনাক্ত করে দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। এদিকে এই মামলা তদন্ত কর্মকর্তা সঞ্জয় কুমার সাহা জানান মামলায় সন্দেহভাজন তিন আসামিকে গ্রেফতার করে রিমান্ড শেষে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে । এ ব্যাপারে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল হোসেন বলেন অধিকতর তথ্য প্রমাণের জন্য গ্রেফতারকৃত আসামিদের ডিএনএ সেম্পল পাঠানো হয়েছে সিআইডি ক্রাইমসিনের মাধ্যমে । এটা হাতে এলি বোঝা যাবে শিশু হাফসা হত্যাকাণ্ডের আসল রহস্য । ডিএনএ পরীক্ষার রিপোর্ট আসার পর মামলার চূড়ান্ত চার্জশিট বা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে ।
এদিকে একমাত্র নাতনিকে হারিয়ে মল্লিক সরদার পাগলের মত হয়ে গেছে । প্রায় সময়ই হাফসার কবরের পাশে বসে কানতে দেখা যায় তাকে । সন্তান হারানোর শোকে কাতর বাবা মা ও। হাফসার কথা মনে পড়তেই জ্ঞান হারিয়ে ফেলছেন মা ঋতু খাতুন । পাবনা পুলিশ সুপার বিষয়টি আমলি নিয়ে প্রয়োজনীয় আইনি সহায়তা প্রদান করবেন এমনটাই প্রত্যাশা পাবনাবাসির ।
