
পাবনায় জেলা পুলিশের মাস্টার প্যারেড ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত: শ্রেষ্ঠ অফিসারদের পুরস্কৃত করলেন এসপি
পাবনা জেলা পুলিশের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে আজ ২০ জানুয়ারি (মঙ্গলবার) বর্ণাঢ্য আয়োজনে মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা এবং অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শৃঙ্খলা রক্ষা, পুলিশের পেশাদারিত্ব বৃদ্ধি এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ গুরুত্ব দিয়ে এসব সভার আয়োজন করা হয়।
শৃঙ্খলার ওপর গুরুত্বারোপ:
সকাল ৮:০০ ঘটিকায় পাবনা জেলা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে ‘মাস্টার প্যারেড’ অনুষ্ঠিত হয়। প্যারেডে অভিবাদন গ্রহণ করেন পাবনার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ আনোয়ার জাহিদ। প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন সুজানগর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার জনাব সাদিক আহমেদ।
প্যারেড পরিদর্শন শেষে পুলিশ সুপার মহোদয় উপস্থিত অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে বলেন, “পুলিশের প্রধান ভিত্তি হলো ডিসিপ্লিন। প্রতিটি সদস্যকে কঠোর শৃঙ্খলা মেনে পেশাদারিত্বের সাথে সাধারণ মানুষের সেবা নিশ্চিত করতে হবে।”
কল্যাণ ও সুযোগ-সুবিধা:
সকাল ১০:০০ ঘটিকায় শহীদ বীর মুক্তিযোদ্ধা এএসআই আব্দুল জলিল মিলনায়তনে অনুষ্ঠিত হয় ‘মাসিক কল্যাণ সভা’। সভায় বিগত মাসের প্রস্তাবিত কল্যাণমূলক বিষয়গুলোর বাস্তবায়ন নিশ্চিত করা হয় এবং পুলিশ সদস্যদের আবাসন, স্বাস্থ্যসহ সার্বিক সুযোগ-সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করেন পুলিশ সুপার।
অপরাধ নিয়ন্ত্রণ ও পুরস্কার বিতরণ:
দুপুর ১২:০০ ঘটিকায় এসপি অফিসের সম্মেলন কক্ষে ‘মাসিক অপরাধ পর্যালোচনা সভা’ অনুষ্ঠিত হয়। সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে বিভিন্ন কার্যকরী পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।
কাজে গতিশীলতা আনায় ডিসেম্বর মাসের শ্রেষ্ঠ অফিসার ও শ্রেষ্ঠ থানার স্বীকৃতি স্বরূপ ৫ জন পুলিশ অফিসারকে নগদ অর্থ ও পুরস্কার প্রদান করেন পুলিশ সুপার। এছাড়া পিআরএল (PRL) গমনকারী ২ জন সদস্যকে বিদায়ী সম্মাননা হিসেবে ক্রেস্ট ও জায়নামাজ প্রদান করা হয়।
উক্ত সভায় পাবনা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ সকল থানার অফিসার ইনচার্জ (ওসি), তদন্ত কেন্দ্র, ফাঁড়ি ও ক্যাম্প ইনচার্জগণ উপস্থিত ছিলেন।
