
জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে দীর্ঘদিনের স্বৈরশাসনের অবসান ঘটলেও প্রশাসনের ভেতরে কাঙ্ক্ষিত সংস্কার এখনও দৃশ্যমান নয়—এমন অভিযোগ আবারও সামনে এসেছে। বিশেষ করে জুলাই আন্দোলনের অন্যতম নেপথ্য সংগঠক হিসেবে পরিচিত নবম বিসিএসের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মো. শামসুল আলমের পদায়ন নিয়ে অন্তর্বর্তী সরকারের নীরবতা নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে।

বুধবার (২১ জানুয়ারি) সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এহসানুল হকের সঙ্গে জুলাই যোদ্ধা ও ছাত্র প্রতিনিধিদের স্মারকলিপি প্রদান ও বৈঠকে বিষয়টি উত্থাপিত হয়। বৈঠকে শামসুল আলমের জ্যেষ্ঠতা ও জুলাই আন্দোলনে ভূমিকার কথা তুলে ধরে তাঁকে সিনিয়র সচিব পদে পদায়নের দাবি জানানো হয়।
প্রতিনিধিদের ভাষ্য অনুযায়ী, জনপ্রশাসন সচিব তাঁদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং বিষয়টি যৌক্তিক বলে মন্তব্য করেন। তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও সংশ্লিষ্ট উপদেষ্টাদের সঙ্গে আলোচনা করে ইতিবাচক পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
বৈঠকে উপস্থিত ছিলেন ‘ওয়ারিয়র্স অব জুলাই’-এর সভাপতি সালমান হোসেন, ছাত্র প্রতিনিধি হাসিবুল হাসান জিসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের শিক্ষার্থী সিনথিয়া সেহরিন, বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি কাজী আশরাফুর রহমানসহ অন্যান্যরা।
‘৩৬ জুলাই’ ধারণার প্রবর্তক শামসুল আলম
জুলাই আন্দোলনের সময় ‘৩৬ জুলাই’ শব্দবন্ধটি একটি প্রতীকী ভাষা হিসেবে ব্যাপক পরিচিতি পায়। আন্দোলনকারীদের মতে, এই ধারণার প্রবর্তক ছিলেন মো. শামসুল আলম। ২০২৪ সালের ২ আগস্ট রাতে আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে তীব্র মতবিরোধের মধ্য দিয়ে তিনি ৯ দফা থেকে এক দফায় আন্দোলন কেন্দ্রীভূত করার পক্ষে অবস্থান নেন। তাঁর উচ্চারিত বক্তব্য— “হাসিনার পতন না হওয়া পর্যন্ত জুলাই শেষ হবে না”—দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং আন্দোলনের ঐক্যবদ্ধ স্লোগানে পরিণত হয়।
আন্দোলনের একাধিক সংগঠকের দাবি, প্রবাসে নির্বাসিত অবস্থায় থেকেও শামসুল আলম নিয়মিত কৌশলগত দিকনির্দেশনা দিতেন। কূটনৈতিক ও গোয়েন্দা সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে কখন কীভাবে এগোতে হবে, সে বিষয়ে পর্দার আড়াল থেকে পরামর্শ দিতেন তিনি।
একজন আন্দোলন সমন্বয়ক নাম প্রকাশ না করার শর্তে বলেন, “গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের আগে আমরা শামসুল আলমের মূল্যায়নের অপেক্ষায় থাকতাম। কিন্তু তাঁর সেই অবদান আজও রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি পায়নি। যাঁদের কোনো ভূমিকা ছিল না, তাঁদের গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে।”
দীর্ঘদিনের বঞ্চনার অভিযোগ
মো. শামসুল আলম বাংলাদেশ সিভিল সার্ভিসের একজন জ্যেষ্ঠ ও দীর্ঘসময় কর্মরত কর্মকর্তা। অভিযোগ রয়েছে, ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের আমলে রাজনৈতিক কারণে তিনি দীর্ঘদিন পদোন্নতি ও গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে বঞ্চিত ছিলেন। তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার একান্ত সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন।
২০২৪ সালের সেপ্টেম্বরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তাঁকে দেশে ফিরিয়ে এনে চাকরি পুনর্বহাল করেন এবং মন্ত্রিপরিষদ বা মুখ্য সচিব পর্যায়ের দায়িত্বে পদায়নের নীতিগত অনুমোদন দেন। তবে আন্দোলন সংশ্লিষ্টদের অভিযোগ, কয়েকজন প্রভাবশালী কর্মকর্তা প্রজ্ঞাপন জারি না করে নথি গায়েব করে সেই নির্দেশ বাস্তবায়নে বাধা দেন।
আন্দোলনের হুঁশিয়ারি
জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে জানানো হয়েছে, অন্তর্বর্তী সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে বারবার আশ্বাস পেলেও বাস্তব কোনো অগ্রগতি না হওয়ায় তাঁরা ক্ষুব্ধ। তাঁদের হুঁশিয়ারি, আগামী ২৪ ঘণ্টার মধ্যে মো. শামসুল আলমকে উপযুক্ত পদে নিয়োগ না দেওয়া হলে তাঁরা রাজপথে নামবেন।
এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে—জুলাই বিপ্লবের পর প্রশাসনের ভেতরে সত্যিকার পরিবর্তন কতটা হয়েছে? নাকি পুরোনো কাঠামো ও মানসিকতা এখনও নতুন সময়ের পথ রুদ্ধ করে রেখেছে? শামসুল আলমের পদায়ন ইস্যু এখন আর ব্যক্তিগত বিষয় নয়; অনেকের চোখে এটি অন্তর্বর্তী সরকারের সংস্কার সদিচ্ছার একটি গুরুত্বপূর্ণ পরীক্ষ
