
পাবনা জেলা এডভোকেট’স বার সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন–২০২৬ উপলক্ষে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তরুণ আইনজীবী আল মুস্তাসিম নবী নিকু। তিনি একজন উদীয়মান আইনজীবী, চিন্তাশীল লেখক ও সংগঠক হিসেবে ইতোমধ্যে আইনজীবী সমাজে পরিচিতি লাভ করেছেন।
আল মুস্তাসিম নবী নিকু বর্তমানে পাবনা জজ কোর্টে নিয়মিতভাবে আইন পেশায় নিয়োজিত রয়েছেন। তিনি ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক থেকে ২০২১ সালে আইন বিষয়ে স্নাতক (এল.এল.বি) এবং ২০২২ সালে স্নাতকোত্তর (এল.এল.এম) ডিগ্রি অর্জন করেন। আইন বিষয়ে উচ্চশিক্ষা সম্পন্ন করার পর ২০২৪ সালে বাংলাদেশ বার কাউন্সিল থেকে উকালতি লাইসেন্স গ্রহণের মাধ্যমে তিনি পেশাদার আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন। বর্তমানে তিনি পাবনা ও ঢাকা—উভয় এডভোকেট বার সমিতির সদস্য।
স্কুল জীবন থেকেই তার সামাজিক ও রাজনৈতিক সচেতনতার বিকাশ ঘটে। ২০১০ সালে দশম শ্রেণির ছাত্র থাকাকালীন তৎকালীন বিগত সরকারের শাসনামলে সাধারণ মানুষের দৈন্যদশা, সামাজিক বৈষম্য ও রাজনৈতিক বাস্তবতা তাকে গভীরভাবে নাড়া দেয়। একই সময়ে বিরোধীদল বিএনপির রাজনীতি, আদর্শ এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঐতিহাসিক ভূমিকা তাকে অনুপ্রাণিত করে। এরই ধারাবাহিকতায় বিএনপির প্রতি তার রাজনৈতিক অনুরাগ তৈরি হয় এবং তিনি ধীরে ধীরে ছাত্ররাজনীতির সঙ্গে যুক্ত হন।
ছাত্ররাজনীতিতে তার সাংগঠনিক ভূমিকার প্রথম স্বীকৃতি আসে ২০১৫ সালে, যখন হিমেল–সুইট নেতৃত্বাধীন পাবনা জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়। ওই কমিটিতে তিনি কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০১৯ সালে আমিনুল–প্রিন্স নেতৃত্বাধীন জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটিতে তিনি আইন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব লাভ করেন। দীর্ঘদিনের এই সাংগঠনিক অভিজ্ঞতা তার নেতৃত্বগুণ ও রাজনৈতিক চিন্তাধারাকে আরও পরিণত করে।
ছাত্ররাজনীতিতে সম্পৃক্ততার ধারাবাহিকতায় এবং বিএনপির রাজনীতির প্রতি আগ্রহ থেকেই তিনি আইন বিষয়ে পড়াশোনার সিদ্ধান্ত নেন। তার বিশ্বাস—আইনের যথাযথ প্রয়োগ এবং নৈতিক দৃঢ়তার মাধ্যমেই রাষ্ট্র ও সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব। এই বিশ্বাস থেকেই তিনি আইন পেশাকে নিজের কর্মক্ষেত্র হিসেবে বেছে নেন।
আইন পেশার পাশাপাশি আল মুস্তাসিম নবী নিকু লেখালেখির সঙ্গেও দীর্ঘদিন ধরে যুক্ত। বিশ্ববিদ্যালয় জীবনে লেখালেখির প্রতি আগ্রহ থেকে আইন, সংবিধান, রাজনীতি ও সমাজের বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে তিনি নিয়মিত লিখে আসছেন। তার লেখা বিভিন্ন সময় অনলাইন ও অফলাইন গণমাধ্যম এবং পোর্টালে প্রকাশিত হয়েছে, যা তাকে একজন সচেতন ও দায়িত্বশীল আইনজীবী হিসেবে পরিচিত করেছে।
এই প্রেক্ষাপটে তিনি পাবনা জেলা এডভোকেট’স বার সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন–২০২৬ উপলক্ষে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত খন্দকার মাকসুদুর রহমান মাসুদ – মাহবুবুল আলম (কাজী আলম) প্যানেল থেকে সদস্য পদপ্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করছেন।
আল মুস্তাসিম নবী নিকু মনে করেন, একটি ঐক্যবদ্ধ, মর্যাদাশীল ও কল্যাণমুখী আইনজীবী সমাজ গঠনের মধ্য দিয়েই ন্যায়বিচার ও আইন পেশার সম্মান রক্ষা করা সম্ভব। নির্বাচিত হলে তিনি পাবনা জেলা আইনজীবী সমাজের অধিকার সংরক্ষণ, পেশাগত ঐক্য সুদৃঢ়করণ এবং আইনজীবীদের সার্বিক কল্যাণে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
এ নির্বাচনে তিনি সকলের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেছেন এবং সম্মানিত ভোটার আইনজীবীদের নিকট থেকে তার জন্য মূল্যবান ভোট ও সমর্থন প্রত্যাশা করছেন।
