
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে রাঙামাটি-২৯৯ সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী দীপেন দেওয়ানের পক্ষে কাপ্তাই উপজেলায় মনোনীত পোলিং
এজেন্টদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
অদ্য ৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত কাপ্তাই উপজেলার ২২টি ভোটকেন্দ্রের জন্য নির্বাচিত মোট ১৮০ জন পোলিং এজেন্টকে নিয়ে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। কাপ্তাই উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে
৫নং ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের পুরাতন ভবনে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন রাঙামাটি জেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক সুভাষ চাকমা। এ সময় তিনি বলেন,
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পোলিং এজেন্টদের দায়িত্বশীল ও সচেতন ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোটকেন্দ্রে গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
কাপ্তাই উপজেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক লোকমান আহমেদের সভাপতিত্বে এবং সদস্য সচিব মোঃ দিলদার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত এই কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক নাছির খাঁন।
এছাড়াও উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাফর আহমেদ স্বপন, সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন, রাঙামাটি জেলা শ্রমিক দলের সভাপতি কবিরুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
প্রশিক্ষণ কর্মশালায় পোলিং এজেন্টদের ভোটগ্রহণ প্রক্রিয়া, দায়িত্ব ও করণীয় বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়। কর্মশালায় আনুমানিক ২২০ জন নেতাকর্মী ও পোলিং এজেন্ট উপস্থিত ছিলেন।
