
বরিশাল থেকে জীবিকার সন্ধানে বাবা-মেয়ের নতুন জীবন শুরু হয়েছিল নরসিংদীতে। কিন্তু স্বপ্নের সেই পথেই থেমে গেল ১৫ বছর বয়সী কিশোরী আমেনার জীবন। অপহরণ, নির্যাতন ও হত্যার অভিযোগে এলাকায় চরম উদ্বেগ ও ক্ষোভ তৈরি হলেও এখনো কোনো লিখিত অভিযোগ হয়নি পুলিশের কাছে।
পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, অভাবের কারণে বাবা আশরাফ হোসেন মেয়েকে নিয়ে নরসিংদীতে এসে ভাড়া বাসায় বসবাস শুরু করেন। একটি প্রতিষ্ঠানে কাজ করে সামান্য আয়ে সংসার চালাচ্ছিল আমেনা।
প্রায় দুই সপ্তাহ আগে কাজ থেকে একা বাড়ি ফেরার পথে কয়েকজন যুবক তার পথরোধ করে জোরপূর্বক তুলে নিয়ে যায় বলে অভিযোগ পরিবারের। পরে স্থানীয়ভাবে বিষয়টি জানানো হলেও অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি করা হয়েছে। বরং সালিশের মাধ্যমে ঘটনাটি মীমাংসার চেষ্টা হয় এবং পুলিশকে না জানাতে বলা হয় বলে অভিযোগ রয়েছে।
পরিবারের দাবি, নিরাপত্তার শঙ্কায় মেয়েকে আত্মীয়ের বাড়িতে পাঠাতে গেলে আবারও পথরোধ করে একই দল তাকে জোর করে তুলে নিয়ে যায়। পরদিন সকালে স্থানীয় এক কৃষক জমিতে অচেতন অবস্থায় একটি মেয়েকে দেখতে পেয়ে খবর দিলে পরিবার গিয়ে আমেনাকে শনাক্ত করে।
পরে মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
আমেনার বাবা অভিযোগ করেন, অভিযুক্তরা স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় এবং নানা ধরনের হুমকির কারণে তিনি এখনো পুলিশের কাছে লিখিত অভিযোগ দিতে পারেননি। তিনি জানান, ভাড়াটিয়া হওয়ায় এবং চাকরি হারানোর ভয়েও তিনি চাপে আছেন।
স্থানীয়দের একটি অংশ বলছে, ভুক্তভোগী পরিবার এলাকার বাসিন্দা না হওয়ায় তাদের পাশে দাঁড়ানোর মতো মানুষও খুব কম। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি। পরিবার দ্রুত তদন্ত ও দোষীদের শাস্তি দাবি করেছে।
