
পাবনা, ১৩ এপ্রিল ২০২৬: পাবনার ঈশ্বরদীতে অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলভার ও গুলিসহ এক ব্যক্তিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২, সিপিসি-২)।
র্যাব সূত্রে জানা যায়, সোমবার (১৩ এপ্রিল) দুপুর ১টা ৪০ মিনিটে র্যাব-১২, সিপিসি-২ পাবনার কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট ওয়াহিদুজ্জামান (এস) বিএন-এর নেতৃত্বে একটি আভিযানিক দল ঈশ্বরদী উপজেলার রূপপুর এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে মো. সোহেল রানা (৩০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার অর্জুনপুর গ্রামের মৃত জামাল উদ্দিন খলিফার ছেলে।
এসময় তার কাছ থেকে একটি বিদেশি রিভলভার, ৪ রাউন্ড গুলি, ৩টি মোবাইল ফোন, ৪টি সিমকার্ড, একটি প্রাইভেটকার এবং একটি হাতঘড়ি উদ্ধার করা হয়।
আটক ব্যক্তির বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯এ/১৯(এফ) ধারায় ঈশ্বরদী থানা-এ মামলা দায়ের করা হয়েছে।
