
ডিবি পুলিশের পরিচয় দিয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি ও প্রতারণার অভিযোগে একটি সংঘবদ্ধ চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পাবনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
শুক্রবার (২৬ জুন) তথ্যপ্রযুক্তির সহায়তায় পরিচালিত বিশেষ অভিযানে পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের গাংকোলা এলাকা থেকে মো. সুজন (৩৪) এবং শিবরামপুর এলাকার নিজ বাড়ি থেকে মো. আরিফুল ইসলাম (৪০)কে গ্রেফতার করা হয়। জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. রাশিদুল ইসলামের নির্দেশনায় এসআই বেনু রায় ও এসআই জাকারিয়া মাসুমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছেন যে তারা একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য। তারা ডিবি পুলিশের পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তিকে ফোন করে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে মোটা অঙ্কের টাকা দাবি করত। পরে ভুক্তভোগীদের কাছ থেকে বিকাশের মাধ্যমে অর্থ আদায় করে চক্রের সদস্যদের মধ্যে ভাগাভাগি করা হতো।
অভিযানে তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। তদন্তে আরও জানা যায়, চক্রটির সদস্যরা ভুয়া নিবন্ধনে নেওয়া সিমকার্ড বিভিন্ন অপরাধী চক্রের কাছে সরবরাহ করত এবং বিকাশ এজেন্ট নম্বর ব্যবহার করে চাঁদার অর্থ সংগ্রহ করত।
এ ঘটনায় গ্রেফতার দুই আসামিসহ আরও দুইজন নামীয় এবং ২-৩ জন অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে পাবনা সদর থানায় পেনাল কোডের ১৭০, ৩৮৪, ৪১৯, ৪২০, ৫০৬ ও ৩৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
পলাতক আসামিদের গ্রেফতার এবং প্রতারণা চক্রের অন্যান্য সদস্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ। একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে কেউ ফোন করে অর্থ দাবি করলে বা ভয়ভীতি প্রদর্শন করলে দ্রুত নিকটস্থ থানায় বা জেলা পুলিশের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।
