
পাবনার ঈশ্বরদীতে ডিবি পুলিশের পরিচয় ব্যবহার করে মাদক ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত মাসোহারা আদায় এবং গভীর রাতে আটকের ভয় দেখিয়ে অর্থ আদায়ের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে পুলিশ কনস্টেবল নয়নের বিরুদ্ধে।
স্থানীয় সূত্রের অভিযোগ, দীর্ঘদিন ধরে ঈশ্বরদী ও আশপাশের এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ রেখে ডিবির নাম ভাঙিয়ে অর্থ আদায় করতেন নয়ন। সম্প্রতি এক মাদক ব্যবসায়ী কথিত মাসোহারা দিতে অস্বীকৃতি জানালে তাকে গভীর রাতে ডিবির এক এএসআইকে সঙ্গে নিয়ে আটকের ভয় দেখানো হয় বলে অভিযোগ।
সূত্রের দাবি, পরে কনস্টেবল নয়নের মধ্যস্থতায় মোটা অঙ্কের অর্থের বিনিময়ে ওই মাদক ব্যবসায়ীর সঙ্গে বিষয়টি রফাদফা করা হয়।
অভিযোগ রয়েছে, ঈশ্বরদীতে বাসা নিয়ে থাকা সংশ্লিষ্ট ডিবি কর্মকর্তার সঙ্গে নয়নের মাধ্যমে স্থানীয় মাদক ব্যবসায়ীদের যোগাযোগ ও অর্থ লেনদেন চলত।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগে ঈশ্বরদীতে ক্ষোভ সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অভিযোগের সত্যতা যাচাই করে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।
