
রাজশাহীর তানোরে কথিত এক ঘটকের বিরুদ্ধে নায়িকার সঙ্গে বিয়ের প্রলোভন দেখিয়ে ৭৫ বছরের এক বৃদ্ধের কাছ থেকে প্রায় ৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী আলহাজ্ব দোস্ত মোহাম্মদ (৭৫) বাদী হয়ে তানোর থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, তালন্দ ইউনিয়নের বিলশহর গ্রামের মৃত মোহর সরদারের পুত্র আলহাজ্ব দোস্ত মোহাম্মদকে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় মেয়ের ছবি দেখানো ও বিয়ের আশ্বাস দেন তানোর পৌর এলাকার ধানতৈড় মহল্লার মৃত আব্দুল মজিদের পুত্র আব্দুল লতিফ ওরফে ভোলা (৫৫)। কথিত ওই ঘটক বিয়ের খরচ ও আনুষঙ্গিক ব্যয়ের কথা বলে বিভিন্ন বাজারের বিকাশ এজেন্টের মাধ্যমে একাধিক কিস্তিতে তার কাছ থেকে মোট ৬ লাখ ৯৬ হাজার ২৯৫ টাকা গ্রহণ করেন।
অভিযোগে উল্লেখ করা হয়, ২০২৫ সালের জুন থেকে নভেম্বর মাসের মধ্যে লালপুর, গোল্লাপাড়া, মুণ্ডুমাল, ইলামদহীসহ বিভিন্ন বাজারের একাধিক বিকাশ এজেন্ট নম্বরের মাধ্যমে এসব টাকা নেওয়া হয়। দীর্ঘ সময় অতিবাহিত হলেও প্রতিশ্রুত বিয়ে সম্পন্ন হয়নি। পরবর্তীতে টাকা ফেরত চাইলে অভিযুক্ত ঘটক তা দিতে অস্বীকৃতি জানান।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা অভিযুক্তকে আটক করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে তানোর থানার ডিউটি অফিসার জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তবে অভিযোগ অস্বীকার করে আব্দুল লতিফ ওরফে ভোলা বলেন, তাকে ফাঁসানোর উদ্দেশ্যেই এ ধরনের অভিযোগ করা হয়েছে।
