
কালিগঞ্জ ব্যুরোঃ সাতক্ষীরা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী গরীবের ডাক্তার খ্যাত অধ্যাপক ডা. শহিদুল আলমের ফুটবল প্রতীকের জনসভা শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে মথুরেশপুর ইউনিয়নের দেয়া ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়েছে।
শেখ আসাদুজ্জামান বাবুর সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক ডা. শহিদুল আলম বলেন, নির্বাচনের আর মাত্র চারদিন বাকি আছে। এই চারদিন আমাদের পরিশ্রমের উপর নির্ভর করবে এই এলাকার মানুষ ভাল থাকবে কী না। এ জন্য ফুটবল প্রতীককে বিজয়ী করতে হলে আমাদের প্রচেষ্টা চালাতে হবে। এই এলাকার মা, বোনসহ সকল মজলুম মানুষের মুখে হাসি ফুঁটানোর একটাই পথ সেটা হলো আগামী ১২ তারিখের নির্বাচনে আমাদের বিজয়ী হতে হবে। সবাইকে সকাল সকাল ভোটকেন্দ্রে যেতে হবে এবং প্রতিবেশীদের সাথে করে ভোট কেন্দ্রে নিয়ে বেশী ভোট কাস্ট করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ২০১৮ সালের নির্বাচনে যারা আমার সাথে হাত মেলাতেন রাতেই তাদের গ্রেপ্তার করা হতো। আর ২০২৪ সালে বিপ্লবোত্তর বাংলাদেশে যারা আমার জনসভার স্টেজে এলে তাকে সাথে সাথে দল থেকে বহিস্কার করা হচ্ছে। কিন্তু নীতি নৈতিকতা মানবিক মূল্যবোধ, রাজনীতির যে আদর্শ থাকে সেই আদর্শকে সামনে রেখে যারা রাজনীতি করছেন তারা বহিস্কারকে ভয় পান না। কারণ আমাদের পথচলা সত্যের পথে। ফুটবলের জন্য আপনারা কাজ করছেন, আর কয়েক টা দিন কাজ করেন। কেউ ভয় পাবেন না, নিরাপত্তাহীনতায় ভুগবেন না।আমাদের নেতৃবৃন্দ আছে তারা দেখবেন, আমাকেও জানাবেন আমি একঘণ্টার মধ্যে চলে আসবো। আমাদের জিততেই হবে, আমাদের জিততেই হবে। মজলুম যেখানে উপরওয়ালা সেখানে।
জনসভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ঢাকাস্থ সাতক্ষীরা জেলা সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার আবুল কাশেম এবং প্রধান বক্তা ছিলেন সাবেক সংসদ সদস্য শাহাদাৎ হোসেন।মথুরেশপুর ইউনিয়ন বিএনপির ৪ নং ওয়ার্ডের সভাপতি শেখ তকবীর আলম ও উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব শেখ পারভেজ ইসলামের সঞ্চালনায় জনসভায় বক্তব্য রাখেন আব্দুর রব, মথুরেশপুর ইউপির সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান গাইন, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের প্রচার সম্পাদক গোপীরঞ্জন অধিকারী, উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক ও বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান পাড়, অবসরপ্রাপ্ত সচিব আবু মাসুদ, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী রাব্বী হোসেন, সাবেক সদস্য সচিব শেখ আব্দুল আজিজ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক এসএম সেলিম আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী আজিজ আহমেদ পুটু, ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল গফুর, কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক ও দক্ষিণ শ্রীপুর ইউপির সাবেক চেয়ারম্যান শেখ দিদারুল ইসলাম, উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও মথুরেশপুর ইউপির সাবেক চেয়ারম্যান মাহবুবর রহমান, কুশলিয়া ইউপির সাবেক চেয়ারম্যান খান লতিফুর রহমান বাবলু প্রমুখ।
ছবিঃ সাতক্ষীরার ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. শহিদুল আলমের ফুটবল প্রতীকের জনসভায় উপস্থিত নেতৃবৃন্দ।
