
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের কটামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল করে ব্যক্তিগত রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির এক নেতার বিরুদ্ধে।
অভিযুক্ত ব্যক্তি হলেন এস এম রুবেল পারভেজ। তিনি উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক এবং বাঁশতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী।
স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়টির মাঠের পূর্ব পাশের অংশ দখল করে নিজের বাড়িতে যাওয়ার জন্য ইট সলিংয়ের রাস্তা নির্মাণ করছেন তিনি। এছাড়া বিদ্যালয়ের একটি টিনের ঘরও দখল করে রাখার অভিযোগ রয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের মাঠের পাশ দিয়ে রাস্তার কাজ চলমান রয়েছে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী জানান, বিদ্যালয়ের মাঠের জমি দখল করেই রাস্তা নির্মাণ করা হচ্ছে এবং একটি টিনের ঘরও দখলে রয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতা এস এম রুবেল পারভেজ বলেন, “আমার নিজস্ব জমির ওপর দিয়েই আমি রাস্তা নির্মাণ করছি। আমি বিদ্যালয়ের মাঠ বা কোনো সরকারি জমি দখল করিনি।”
এ বিষয়ে কটামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লক্ষ্মী রানী দাস বলেন, “আমি ফোনে এ বিষয়ে কোনো মন্তব্য করতে পারছি না। যেহেতু ইউএনও ম্যাডাম বিষয়টি জানেন, তাই আমি মানসিকভাবে অস্থির অবস্থায় আছি।”
মির্জাপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস বলেন, “বিষয়টি শুনেছি। আমি বর্তমানে অসুস্থ। নির্বাচনের পর জমি মাপঝোক করা হবে।”
এ বিষয়ে মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া ইয়াসমিন বলেন, “অভিযোগের বিষয়টি জানা আছে। তদন্ত সাপেক্ষে দ্রুত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
