
টাঙ্গাইল–৪ (কালিহাতী) আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মো. লিয়াকত আলীর নেতৃত্বে কালিহাতীর এলেঙ্গা এলাকায় অনুষ্ঠিত হয়েছে এক বিশাল গণমিছিল।
রবিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে এলেঙ্গার সামওয়ান গেট থেকে শুরু হওয়া এ গণমিছিলে নারী-পুরুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়। গণমিছিলটি এলেঙ্গা বাজারসহ আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সামওয়ান গেটে এসে শেষ হয়।
গণমিছিলকে ঘিরে পুরো এলাকা দলীয় স্লোগানে মুখর হয়ে ওঠে, যা নির্বাচনী পরিবেশকে আরও উজ্জীবিত করে তোলে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সরব উপস্থিতি কর্মসূচিতে যোগ করে বাড়তি মাত্রা।
এ সময় ইঞ্জিনিয়ার মো. লিয়াকত আলী বলেন, “জনগণের ভালোবাসা ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি।” তিনি কালিহাতীর সার্বিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, একটি ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং অবকাঠামোগত উন্নয়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি সবার কাছে ভোট ও দোয়া কামনা করে ঐক্যবদ্ধভাবে পাশে থাকার আহ্বান জানান।
গণমিছিলে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক আব্দুল রাজ্জাক, সদস্যসচিব এখলাস মণ্ডল, যুগ্ম আহ্বায়ক ফজল মোল্লা, মীর শহিদুল ইসলাম শহীদ, জুলহাস উদ্দিন, কালাম মিলিটারী, নারান্দিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি সহ দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
নেতাকর্মীরা জানান, নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, ততই ইঞ্জিনিয়ার মো. লিয়াকত আলীর পক্ষে জনসমর্থন বাড়ছে বলে তারা আশাবাদী।
