
রাজধানীর সেগুনবাগিচায় সিরাজগঞ্জ সাংবাদিক সমিতি, ঢাকা (সিসাস)-এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিম।
তিনি বলেন, সাংবাদিক ও রাজনৈতিক কর্মীরা একে অপরের পরিপূরক। গঠনমূলক সমালোচনার মাধ্যমে গণতন্ত্র, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গঠনে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সাংবাদিকরা সমাজের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরে রাষ্ট্র ও জনগণের মধ্যে সেতুবন্ধন তৈরি করেন বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ সাংবাদিক সমিতি, ঢাকার সভাপতি কাওসার আজম এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মল্লিক।
বিশেষ অতিথির বক্তব্যে মিল্ক ভিটার সাবেক চেয়ারম্যান আব্দুর রাজাক বলেন, প্রান্তিক কৃষকদের উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে মিল্ক ভিটার কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ বিষয়ে ইতিবাচক সংবাদ প্রচারে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।
এছাড়া বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাহী সদস্য ও টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান কামরুল হাসান হিলটন বলেন, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও সৌহার্দ্য বৃদ্ধিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এসময় শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি ও ইফতার পরিচালনা কমিটির আহ্বায়ক হাসনায়েন তানভীর ইমন এবং সংগঠনের দপ্তর সম্পাদক ও ইফতার পরিচালনা কমিটির সদস্য সচিব নাজমুল ইসলাম।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। এতে সিরাজগঞ্জ সাংবাদিক সমিতি, ঢাকার সদস্যসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী এবং রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
