
রংপুর মহানগরীর মাহিগঞ্জ এলাকার পূবালী ব্যাংকের গ্রাহকগণ বলেন, আমাদের এখন থেকে ব্যাংক হতে টাকা উত্তোলনে ১০০ টাকা করে সাশ্রয় হবে। আগে আমাদের টাকা উত্তোলন করতে হলে মূল শহরে যেতে হতো এখন নিজ এলাকায় বুথ হতে টাকা উত্তোলন করতে পারবো। আগে শহরে যাওয়া আসা করতে আমাদের ১০০ টাকার উপরে খরচ হতো এখন আর হবেনা। তাই আমাদের অনেক সাশ্রয় হচ্ছে। এ ছাড়াও বুথ হতে টাকা উত্তোলন করতে কোন প্রকার বাড়তি টাকার প্রয়োজন হয় না। সেটাও একটা ভালো দিক।
রংপুরে ব্যাংকিং সেবায় প্রযুক্তির সমন্বয় ঘটিয়ে গ্রাহকগণকে ডিজিটাল ব্যাংকিং কার্যক্রমে অন্তর্ভুক্তির মাধ্যমে সর্বোত্তম সেবা প্রদানের উদ্দেশ্যে পূবালী ব্যাংক পি.এল.সি. স্টেশন রোড শাখা, রংপুর এর আওতাধীন মাহিগঞ্জ বাজারে একটি সেলফ সার্ভিস সেন্টার (ইলেকট্রনিক বুথ) বুধবার (১১ মার্চ) বেলা ১২ টায় উদ্বোধন করেন। উদ্বোধন শেষে এ সব কথা বলেন এলাকার গ্রাহকগণ। এ সময় সেলফ সার্ভিস সেন্টার (ইলেকট্রনিক বুথ) এর উদ্বোধন করেন পূবালী ব্যাংক পিএলসি রংপুর অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মোহাম্মদ আলতাব হোসেন। উদ্বোধনকালে উপস্থিত ছিলেন রংপুর জোনের প্রিন্সিপাল অফিসার ও এডিসি জোনাল ইনচার্জ মোঃ হুমায়ুন কবির, স্টেশন রোড শাখার শাখা ব্যবস্থাপক মোঃ মুশফিক জামানসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন মাহিগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক ও এলাকার গ্রাহকগণ।
উদ্বোধন শেষে পূবালী ব্যাংক পিএলসি রংপুর অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মোহাম্মদ আলতাব হোসেন বলেন, আমাদের কার্যক্রম গ্রাহকদের দরগোরায় পৌঁছেদিতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। এরই অংশ হিসেবে আজকের সেলফ সার্ভিস সেন্টার (ইলেকট্রনিক বুথ) এর উদ্বোধন। এতে এই এলাকার লোককে বাড়তি টাকা খরচ করে আর টাকা উত্তোলনের জন্য বাইরে যেতে হবে না। এখান থেকেই ব্যাংকের সকল প্রকার সুবিধা নিতে পারবে।
উল্লেখ্য- সেলফ সার্ভিস সেন্টার (ইলেকট্রনিক বুথ) হতে সম্মানিত গ্রাহকগণ হিসাব খোলা থেকে শুরু করে টাকা জমা ও উত্তোলনের জন্য সিআরএম ও আরটিডিএম এবং বিভিন্ন জায়গায় ফান্ড ট্রান্সফার ও ইউটিলিটি বিল সহ বিভিন্ন ধরনের বিল কেআইওএসকে মেশিনের মাধ্যমে করা যাবে।
