
পবিত্র শবে কদর উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের প্রতি বিশেষ দোয়া করার আহ্বান জানিয়েছেন “দেশবন্ধু রেমিটেন্স যোদ্ধা সংসদ ইন্টারন্যাশনাল”-এর নেতারা। সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় আহ্বায়ক অ্যাডভোকেট এ এন এম ঈসা এবং সদস্য সচিব এম এ রউফ (কাতার) এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানান।
বিবৃতিতে তারা বলেন, পবিত্র শবে কদরের এই মহিমান্বিত রাতে প্রবাসীরা যেন ব্যক্তিগত দোয়ার পাশাপাশি নিজেদের ন্যায্য অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার জন্যও আল্লাহর দরবারে প্রার্থনা করেন। তারা উল্লেখ করেন, দেশের কোটি কোটি প্রবাসী শ্রমিক পরিবার ও মাতৃভূমির কল্যাণে বিদেশের মাটিতে কঠোর পরিশ্রম করছেন। যখন দেশে মানুষ পরিবার-পরিজনের সঙ্গে ধর্মীয় আনন্দ ভাগ করে নেন, তখন অনেক প্রবাসী নিঃসঙ্গতা ও কষ্টের জীবন কাটান।
নেতৃদ্বয় বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম প্রধান শক্তি। তাদের পাঠানো রেমিটেন্স দেশের উন্নয়ন ও অর্থনীতিকে এগিয়ে নিচ্ছে। তাই রেমিটেন্স যোদ্ধাদের মর্যাদা, নিরাপত্তা ও ভবিষ্যৎ সুরক্ষা নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব।
এ সময় তারা প্রবাসীদের জন্য ছয় দফা দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে রয়েছে—প্রবাসীদের ভোটের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধি দিয়ে সংসদে অংশগ্রহণের সুযোগ, বিদেশে তাদের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করা, দুর্ঘটনা বা মৃত্যুর ক্ষেত্রে জরুরি সহায়তার জন্য বিশেষ তহবিল গঠন, বিদেশে কর্মসংস্থানের অতিরিক্ত খরচ কমানো, আন্তর্জাতিক মানের শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা এবং দীর্ঘদিন বিদেশে কর্মরতদের জন্য কার্যকর পেনশন ব্যবস্থা চালু করা।
বিবৃতির শেষে তারা দেশ-বিদেশে অবস্থানরত সকল বাংলাদেশির প্রতি আহ্বান জানান, পবিত্র শবে কদরের এই রাতে দেশের শান্তি, সমৃদ্ধি এবং প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য দোয়া করার জন্য।
