
রাঙামাটির কাপ্তাইয়ে ২৫ মার্চ গণহত্যা দিবস ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১ মার্চ ২০২৬) সকাল সাড়ে ১০টায় কাপ্তাই আল-আমিন নূরিয়া দাখিল মাদ্রাসার মিলনায়তনে কাপ্তাই তথ্য অফিসের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে তথ্য অফিস সহায়ক মো. মহিন উদ্দীনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা সহকারী তথ্য অফিসার মো. দেলোয়ার হোসেন।
এতে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির। তিনি ২৫ মার্চের কালরাত্রি ও মহান মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মৃতি তুলে ধরে বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাত্রিতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র ও ঘুমন্ত বাঙালিদের ওপর নির্বিচারে হত্যাযজ্ঞ চালায়। সে সময় অসংখ্য মানুষ শহীদ হন এবং বহু নারী নির্যাতনের শিকার হন। তিনি আরও বলেন, মহান মুক্তিযুদ্ধ চলাকালীন পার্শ্ববর্তী দেশ ভারত বাংলাদেশের মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষকে আশ্রয় ও সহায়তা প্রদান করেছিল।
স্মৃতিচারণ করতে গিয়ে তিনি আবেগঘন কণ্ঠে বলেন, মুক্তিযুদ্ধের সময় তার আট মাসের গর্ভবতী মাকে পাকিস্তানি বাহিনী নির্মমভাবে হত্যা করে। তিনি শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে মনোযোগ সহকারে পড়াশোনা করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাপ্তাই প্রেসক্লাবের সভাপতি মো. কবির হোসেন এবং কাপ্তাই আল-আমিন নূরিয়া দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা মো. আবুল কাশেম।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে মহান মুক্তিযুদ্ধ বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে কাপ্তাই তথ্য অফিসের পক্ষ থেকে পুরস্কার বিতরণ করা হয়।
রাঙামাটির কাপ্তাই আল-আমিন নূরিয়া দাখিল মাদ্রাসায় ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখছেন বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির।
