Oplus_16908288

ঢাকা, ২ এপ্রিল ২০২৬: ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করার ওপর জোর দিয়েছেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। তিনি স্পষ্ট করে বলেন, এ খাতে কোনো ধরনের দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না এবং দুর্নীতির বিরুদ্ধে সরকারের ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বৃহস্পতিবার রাজধানীর কাটাবনে ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (এলএটিসি) অডিটোরিয়ামে আয়োজিত অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) জন্য উচ্চতর ভূমি ব্যবস্থাপনা কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, দক্ষ, স্বচ্ছ ও জনবান্ধব ভূমি সেবা নিশ্চিত করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের আরও দায়িত্বশীল হতে হবে। সব ধরনের ভূমি সংক্রান্ত কাজ দ্রুত নিষ্পত্তি করার নির্দেশনাও দেন তিনি।
তিনি আরও বলেন, আইনি কাজে কোনো নেতিবাচক আপস করা যাবে না এবং আইনের বাইরে যাওয়ার এখতিয়ার কারো নেই। কর্মকর্তাদের কাজের পরিবেশ উন্নয়নে আইনি সুরক্ষা বা ‘লিগ্যাল প্রটেকশন’ দেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।
অনলাইনে ভূমি সেবা প্রদানের ক্ষেত্রে বহিরাগত অপারেটরদের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়ে প্রতিমন্ত্রী বলেন, ফটোস্ট্যাট দোকানে ল্যাপটপ বসিয়ে যত্রতত্র অনলাইন ভূমি সেবা দেওয়ার প্রবণতা নিরুৎসাহিত করতে হবে।
ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক (যুগ্মসচিব) মোহাম্মদ আবুল খায়েরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) ড. মো. মাহমুদ হাসান।
এ সময় স্বাগত বক্তব্য দেন কোর্স পরিচালক খান এ. সবুর খান।
উল্লেখ্য, ৫ দিনব্যাপী ১৪তম ও ১৮তম উচ্চতর ভূমি ব্যবস্থাপনা কোর্সে মোট ৩৮ জন অতিরিক্ত জেলা প্রশাসক এবং ৩৬ জন উপজেলা নির্বাহী কর্মকর্তা অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী কৃতী প্রশিক্ষণার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ করেন।
