
বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে পাবনা-৫ আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস পাবনাবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পহেলা বৈশাখ বাঙালি সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। কালের পরিক্রমায় বছর ঘুরে আবারও আসে নতুন বছর, যা জীর্ণ-পুরাতনকে পেছনে ফেলে নতুন আশা, স্বপ্ন ও সম্ভাবনার বার্তা নিয়ে উপস্থিত হয়। নতুন বছরের নতুন সূর্য সকলের জীবনে কল্যাণ ও সমৃদ্ধির বার্তা বয়ে আনে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, পহেলা বৈশাখ চিরায়ত বাংলার ঐতিহ্যে লালিত একটি অনন্য দিন, যা বাঙালির হাজার বছরের ইতিহাস, সংস্কৃতি, রীতি-নীতি ও আচার-অনুষ্ঠানের ধারক-বাহক। এ দিনে নানা আয়োজনের মধ্য দিয়ে সারাদেশ উৎসবমুখর হয়ে ওঠে, যা সকলকে নতুন উদ্দীপনায় সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায়।
এমপি শিমুল বিশ্বাস আশাবাদ ব্যক্ত করেন, নতুন বছরের এই শুভক্ষণে পুরনো বছরের সকল গ্লানি ও জঞ্জাল দূর হয়ে সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আসবে। তিনি পাবনাবাসীসহ দেশের সকল মানুষকে একসাথে কাজ করে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।
শেষে তিনি আবারও সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, “শুভ হোক আপনাদের আগামীর পথচলা। একসাথে আমরা গড়ে তুলবো আমাদের স্বপ্নের দেশ।”
