
রংপুর বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম বলেছেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের স্বাস্থ্যের যত্ন নেওয়া সকল অভিভাবকসহ সকলের অন্যতম দায়িত্ব। বর্তমান সময়ে হাম-রুবেলা প্রার্দুভাব বেড়েছে। শিশুদের সুরক্ষা নিশ্চিত মানেই পরিবারে অভিভাবকদের দুশ্চিন্তামুক্ত থাকা। এই রোগ থেকে শিশুকে সুরক্ষিত রাখতে (আজ) ২০শে এপ্রিল থেকে মাসব্যাপী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে।
সোমবার (২০শে এপ্রিল) সকালে রংপুরের তাজহাট উপ-স্বাস্থ্য কেন্দ্রে হাম-রুবেলা (এমআর) টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, হামমুক্ত বাংলাদেশ গড়তে সরকার ৬ মাস থেকে ৫৯ মাস অর্থাৎ পাঁচ বছরের কম বয়সি প্রতিটি শিশুকে বিনামূল্যে টিকা প্রদানের উদ্যোগ গ্রহণ করেছে। সচেতনতা বৃদ্ধির মাধ্যমেই এই কর্মসূচি সফল করা সম্ভব। অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, সকল অভিভাবকগণ এই টিকাদান ক্যাম্পেইন সম্মিলিত প্রচেষ্টায় সফল করতে হবে। তাই নির্ধারিত সময়ে সন্তানদের টিকা গ্রহণের জন্য তিনি অভিভাবকদের নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসার আহ্বান জানান।
টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী, রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলামসহ অন্যান্য সরকারি কর্মকর্তা, অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য- সারাদেশের ন্যায় রংপুরেও হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। হাম-রুবেলা থেকে শিশুকে সুরক্ষিত রাখতে দেশব্যাপী ২০শে এপ্রিল থেকে ২০শে মে, ২০২৬ পর্যন্ত চলমান কর্মসূচির অংশ হিসাবে এই ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। এতে রংপুর মহানগর ও জেলায় ৩ লক্ষ ৩৪ হাজার ৯৯৯ জন শিশুকে হাম-রুবেলার টিকা দেয়া হবে। এর মধ্যে রংপুর সিটি কর্পোরেশ এলাকায় ৭৮ হাজার ৬২৮ জন ও রংপুর জেলার রংপুর সদরসহ ৮ উপজেলায় ২ লক্ষ ৫৬ হাজার ৩৭১ জনের মাঝে হাম-রুবেলার টিকাদান ক্যাম্পেইন চলবে।
রংপুর অফিস
০১৭২৬-৭৬০১৮৯
