
“সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ”— এ প্রতিপাদ্যকে ধারণ করে পাবনায় উদযাপিত হয়েছে জাতীয় আইন সহায়তা দিবস। দিবসটি উপলক্ষে জেলা বিচার বিভাগের আয়োজনে আদালত প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য কর্মসূচি।
সকালে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে আদালত প্রাঙ্গণ থেকে একটি রঙিন র্যালি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। র্যালিতে বিচার বিভাগ, প্রশাসন, আইনজীবী সমাজ, সাংবাদিক ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
র্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিনিয়র জেলা ও দায়রা জজ আখতারুজ্জামান। এতে উপস্থিত ছিলেন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসেন, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার আনোয়ার জাহিদ, সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ, জেলা আইনজীবী সমিতির সভাপতি মাসুদ খন্দকার এবং সাধারণ সম্পাদক মলয় কুমার দাস রায়।
বক্তারা বলেন, রাষ্ট্রীয় আইন সহায়তা কার্যক্রমের মাধ্যমে সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষ সহজে আইনি সহায়তা পাচ্ছেন, যা ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দিবসটির আয়োজন জনসচেতনতা বৃদ্ধি ও আইনি সেবার পরিধি বিস্তারে সহায়ক হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
