
যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পাবনায় পালিত হয়েছে মহান মে দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে শহরে বিভিন্ন শ্রমিক, পেশাজীবী ও সামাজিক সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে “মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস” উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিতে সরকারি কর্মকর্তা, শ্রমিক প্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে র্যালিটি পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
অন্যদিকে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে পাবনার বিভিন্ন শ্রমিক সংগঠন পৃথকভাবে শোভাযাত্রা ও সমাবেশের আয়োজন করে। এসময় বক্তারা শ্রমিকের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ, পেশাগত স্বাস্থ্য সুরক্ষা এবং শ্রমিকবান্ধব নীতি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অর্থনীতির চালিকাশক্তি শ্রমজীবী মানুষ। তাদের অধিকার নিশ্চিত করা গেলে উৎপাদনশীলতা বাড়বে এবং টেকসই উন্নয়ন আরও বেগবান হবে।
দিবসটি ঘিরে পাবনায় উৎসবমুখর পরিবেশের পাশাপাশি শ্রমিক অধিকার ও কল্যাণ নিশ্চিতের দাবিও ছিল উচ্চকিত।
