
পাবনার সাঁথিয়ায় অবৈধভাবে মাটি ও বালু কাটার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে জেলা পুলিশ। আজ (শুক্রবার) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাটি পরিবহনে ব্যবহৃত একাধিক বড় ট্রাক জব্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, পাবনার নবাগত পুলিশ সুপার জনাব মো. ছুফি উল্লাহর দিকনির্দেশনা এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মো. রেজিনুর রহমানের সরাসরি তত্ত্বাবধানে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।
স্থানীয়দের অভিযোগ, গত কয়েকদিন ধরে কাশিনাথপুর থেকে বেড়া সিএনবি সড়কে ১০ চাকার দানবীয় ট্রাক ব্যবহার করে অবৈধভাবে মাটি পরিবহন করা হচ্ছিল। এতে রাস্তাঘাটের ক্ষতির পাশাপাশি জনস্বাস্থ্যের ঝুঁকি বাড়ছিল। আজ ঘুঘুদা এলাকা থেকে প্রাপ্ত সুনির্দিষ্ট তথ্য ও আলোকচিত্রের ভিত্তিতে সাঁথিয়া থানা পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে অবৈধ কর্মকাণ্ডটি বন্ধ করে দেয়।
অভিযানকালে অবৈধভাবে মাটি ও বালু পরিবহনের দায়ে বেশ কয়েকটি ট্রাক আটক করা হয়। জনস্বার্থবিরোধী ও পরিবেশের জন্য হুমকিস্বরূপ এসব কার্যক্রম বন্ধে পুলিশ প্রশাসনের এমন পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছে এলাকাবাসী।
এ বিষয়ে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, নদী বা কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটা এবং তা পরিবহনের মাধ্যমে জনদুর্ভোগ সৃষ্টি করা সম্পূর্ণ দণ্ডনীয় অপরাধ। পরিবেশ রক্ষায় এবং জনস্বার্থ পরিপন্থী যেকোনো কার্যক্রমের বিরুদ্ধে পাবনা জেলা পুলিশের এই কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
