
মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষা এবং ঔষধ কোম্পানির প্রতিনিধিদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় প্রতিবাদ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১১ মে) মাটিরাঙ্গা বাজারের তবলছড়ি চত্বরে উপজেলা ফারিয়া’র উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে বিভিন্ন ঔষধ কোম্পানির মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন উপজেলা ফারিয়া’র সাধারণ সম্পাদক হুমায়ন কবির। স্বাগত বক্তব্য দেন উপজেলা ফারিয়া’র সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম।
মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন ফারিয়ার সদস্য আক্তারুজ্জামান, শাহনেওয়াজ এবং ম্যানেজার ফোরামের পক্ষ থেকে বক্তব্য রাখেন এরিয়া ম্যানেজার আনোয়ার হোসেন। এছাড়াও বক্তব্য দেন মাটিরাঙ্গা ফারিয়ার সাবেক সভাপতি হাসানুল ইসলাম।
বক্তারা বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা দেশের স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও অনেক সময় তারা বিভিন্ন ধরনের হয়রানি ও অনিরাপদ পরিস্থিতির শিকার হন। তাই তাদের পেশাগত মর্যাদা, নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান তারা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা ফারিয়ার সভাপতি আব্দুল মালেক।
