
সরকারি কলেজ হওয়ার পরও বেসরকারি কলেজের মতো উচ্চ হারে সেশন ফি ও বিভিন্ন খাতে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে পাবনার সুজানগর উপজেলার দুলাই সরকারি ডা. জহুরুল কামাল ডিগ্রি কলেজে বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। রবিবার (২১ জুন) সকালে শতাধিক শিক্ষার্থী ক্লাস বর্জন করে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন এবং একপর্যায়ে কলেজের প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ শুরু করেন।
শিক্ষার্থীদের অভিযোগ, কলেজটি সরকারি প্রতিষ্ঠানে রূপান্তরিত হওয়ার পরও একাদশ, দ্বাদশ, স্নাতক (পাস) ও সম্মান শ্রেণির শিক্ষার্থীদের কাছ থেকে সেশন ফি, উন্নয়ন ফি ও ল্যাব ফিসহ বিভিন্ন খাতে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে। অনেক ক্ষেত্রে নেওয়া অর্থের বিপরীতে বৈধ রসিদও দেওয়া হচ্ছে না বলে দাবি তাদের।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, গ্রামীণ ও মধ্যবিত্ত পরিবারের অধিকাংশ শিক্ষার্থী এ কলেজে অধ্যয়ন করে। সরকারি কলেজে স্বল্প খরচে শিক্ষার সুযোগ পাওয়ার প্রত্যাশা থাকলেও অতিরিক্ত ফি পরিশোধ করতে গিয়ে অনেক শিক্ষার্থী ও অভিভাবক আর্থিক সংকটে পড়েছেন। বিষয়টি নিয়ে একাধিকবার কলেজ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। বরং টাকা পরিশোধ না করলে পরীক্ষায় অংশগ্রহণে বাধার আশঙ্কা দেখানো হয়েছে বলেও অভিযোগ করেন তারা।
এক শিক্ষার্থী বলেন, “কলেজ সরকারি হওয়ার পরও কেন আমাদের বেসরকারি হারে ফি দিতে হবে? সরকারি নীতিমালা অনুযায়ী ফি নির্ধারণের লিখিত ঘোষণা না পাওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।”
বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। অবরোধের কারণে কলেজের শ্রেণি কার্যক্রম ও প্রশাসনিক কাজকর্ম কার্যত বন্ধ হয়ে যায়। খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।
এ বিষয়ে কলেজের অধ্যক্ষ বলেন, “কলেজের সরকারি করণের প্রক্রিয়া এখনো পুরোপুরি সম্পন্ন হয়নি। শিক্ষক-কর্মচারীদের আত্তীকরণ ও প্রয়োজনীয় সরকারি বরাদ্দ না পাওয়ায় অভ্যন্তরীণ ব্যয় নির্বাহের জন্য এ ফি নির্ধারণ করা হয়েছে। তবে শিক্ষার্থীদের দাবির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে গভর্নিং বডি ও স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনা করে সমাধানের চেষ্টা চলছে।”
সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, “শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়টি আমাদের নজরে এসেছে। সরকারি বিধিমালার বাইরে অতিরিক্ত ফি আদায়ের কোনো সুযোগ নেই। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এবং শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় প্রশাসন কাজ করবে।”
স্থানীয় সচেতন মহলের মতে, সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য হলো সাধারণ ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বল্প ব্যয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা। তাই দুলাই সরকারি ডা. জহুরুল কামাল ডিগ্রি কলেজের চলমান অচলাবস্থার দ্রুত অবসান ঘটিয়ে সরকারি নীতিমালা অনুযায়ী ফি নির্ধারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী।
