
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নে বিএনপির উদ্যোগে এক বিশাল মোটরসাইকেল শোডাউন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) বিকেলে গোড়াই ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে থেকে শোডাউনটি শুরু হয়।
শোডাউনটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কসহ ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও বাজার এলাকা প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
শোডাউন শেষে দলীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গোড়াই ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম নুরু। সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক খন্দকার আনোয়ার পারভেজ শাহ আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খল পরিস্থিতি মোকাবিলায় নেতাকর্মীরা প্রস্তুত রয়েছেন। তারা রাজনৈতিক সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।
সমাবেশে গোড়াই ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। কর্মসূচিকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
